চাঁদপুরের হাজীগঞ্জে অননুমোদিতভাবে সার ও কীটনাশক বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে হাজীগঞ্জ বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাবেদ হোসেন চৌধুরী।
অভিযান চলাকালে মেসার্স পূবালী ট্রেডার্স ও মেসার্স জামাল ব্রাদার্স নামের দুই প্রতিষ্ঠানে অনিয়মের প্রমাণ পাওয়ায় যথাক্রমে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহায়তা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহ, উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল আহমেদ, হাজীগঞ্জ থানা পুলিশের এএসআই মনির হোসেনসহ অন্যান্য সদস্যরা।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাবেদ হোসেন চৌধুরী বলেন,
“সরকারি অনুমোদন ছাড়া সার ও কীটনাশক বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। কৃষকদের স্বার্থ রক্ষা এবং বাজারে গুণগত মান ও সঠিক মূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।”
উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসিব আব্দুল্লাহ বলেন,
“যেসব ব্যবসায়ী সার বিক্রির অনুমতি ছাড়া ব্যবসা করছেন, তারা যেন অবিলম্বে তা বন্ধ করেন। কৃষকদের নিকট নির্ধারিত মূল্যে ও অনুমোদিত প্রতিষ্ঠান থেকে সার বিক্রয় করতে হবে।”
অভিযানের ফলে স্থানীয় ব্যবসায়ী মহলে সতর্কতা সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
RK / SAIF




















