জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের খবর ভিত্তিহীন বলে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দফতর) সালেহ উদ্দিন সিফাতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী এখনো দলের দায়িত্বে আছেন এবং তিনি নির্বাচন কমিশনে দলের নিবন্ধন সংক্রান্ত কাজেও সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। পাশাপাশি তিনি দলের বিভিন্ন উইংয়ের কার্যক্রমও পরিচালনা করছেন। তাই তার পদত্যাগ বা অব্যাহতির গুঞ্জন সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।
এর আগে মধ্যরাতে কয়েকটি অনলাইন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়, যেখানে বলা হয়— নাসীরুদ্দীন দুই সপ্তাহ আগে দলের আহ্বায়ক ও সদস্যসচিব বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে সেটি এখনো দলের হাইকমান্ড গ্রহণ করেনি।
প্রকাশিত খবরে আরও দাবি করা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলে সাংগঠনিক পরিবর্তন আনতে পারে এনসিপি। সেখানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দলে যোগ দিতে পারেন এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালকের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছেন। ওই পদে বর্তমানে দায়িত্বে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ বিষয়টি নিয়েই দলের অভ্যন্তরে মতবিরোধ সৃষ্টি হয় বলে সূত্রের বরাতে জানায় কয়েকটি গণমাধ্যম।
তবে দলীয় বিজ্ঞপ্তিতে এসব খবরকে সম্পূর্ণ গুজব বলে উল্লেখ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “এনসিপি ঐক্যবদ্ধ। দল বা নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”




















