চাঁদপুরের ফরিদগঞ্জে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। শনিবার ( ২৫ অক্টোবর ) সকালে উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের (১নং) ২নং ওয়ার্ডের সকদিরামপুর এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট বাড়ির খলিল নামের এক ব্যক্তির ঘরের সামনের টয়লেট ঘরে দীর্ঘদিন ধরে সন্দেহজনকভাবে মানুষ আসা-যাওয়া করত। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা প্রশাসনকে খবর দেয়।
পরবর্তীতে ফরিদগঞ্জ থানা পুলিশ, সেনাবাহিনী ও চাঁদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথভাবে অভিযানে নামে। অভিযানে টয়লেট ঘরের মাটির নিচে লুকানো অবস্থায় প্রায় ৫২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
অভিযান চলাকালীন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে অভিযানের সময় খলিল ও তার পরিবারের সদস্যরা ঘরে উপস্থিত ছিলেন না। অভিযানের আগ মুহূর্তে তারা এলাকা ত্যাগ করেছে বলে ধারণা করছে পুলিশ।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে প্রায় ৫২ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে মাদকবিরোধী অভিযান জোরদার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। স্থানীয়রা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এলাকায় মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
RK / SAIF




















