চাঁদপুরের কচুয়া উপজেলায় পুকুরে ডুবে মাহতাব হাসান ফারদিন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ফারদিন হাজীগঞ্জের কাপাইকাপ আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক জাকির হোসেন হিমেলের একমাত্র পুত্র।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার চৌমুহনী গ্রামের জহির উদ্দিন প্রধানীয়া বাড়ির পুকুরে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, খেলাধুলার একপর্যায়ে শিশুটি অসাবধানতাবশত পুকুরে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সহকর্মী, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীরা অধ্যাপক হিমেলের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
স্থানীয় সচেতন মহল বলছে, এমন মর্মান্তিক ঘটনা এড়াতে শিশু-কিশোরদের সাঁতার শেখানো ও পানির কাছাকাছি অবস্থানে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।
rk / saif




















