চাঁদপুর সদর উপজেলায় ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শুক্রবার ৩১ অক্টোবর সকালে চাঁদপুর আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে বাবুরহাট বাজার ও ইউনিয়ন পরিষদ গেট এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট বসিয়ে এই অভিযান চালানো হয়।
সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত চলা এ অভিযানে মোট ১৩৮টি যানবাহন তল্লাশি করা হয়। এসময় লাইসেন্সবিহীন চালক, ফিটনেসহীন গাড়ি, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন আইন লঙ্ঘনের অভিযোগে ১৩টি মামলা দায়ের করা হয় এবং মোট ৫৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া লাইসেন্স না থাকায় একটি গাড়ি জব্দ করা হয়েছে।
সেনাবাহিনী জানায়, ট্রাফিক আইন ভঙ্গ ও যানবাহনের অনিয়ম রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তারা আরও জানান, দেশের বর্তমান পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে।
rk / saif




















