আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অপসাংবাদিকতা পরিহার করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে সাংবাদিকদের আহবান জানিয়েছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম ।
তিনি বলেন, বর্তমান ফেইক এবং এআই জগতে- ফেইক টাকে অরিজিনাল মনে হয়, আর অরিজিনালকে ফেইক মনে হয়। এ বিষয়ে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে যিনি এটি করেন।সামনে জাতীয় নির্বাচন, এ বিষয়ে সাংবাদিকদের দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। দেশে একাধিক সাংবাদিক সংগঠন, একাধিক প্রেসক্লাব এবং মালিক সম্পাদক পরিষদের কারণে সাংবাদিকদের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। ফলে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অন্তরায় সৃষ্টি হচ্ছে এবং অপসাংবাদিকতা বেড়ে গেছে। এ পরিস্থিতি মোকাবিলায় ঐক্যের বিকল্প নেই।
আজ (বৃহস্পতিবার) নারায়ণগঞ্জে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অংশগ্রহণে “গণমাধ্যমের অপসাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় তিনি একথা বলেন।
সার্কিট হাউজ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সুপারিনটেনডেন্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় অন্যান্যের মধ্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দূস সবুর, পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, জেলা তথ্য অফিসার মোঃ কামরুজ্জামান বক্তব্য রাখেন।
কর্মশালায় নারায়ণগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার ৪৫ জন সাংবাদিক অংশ নেন। পরে অংশ নেয়া সাংবাদিকদের সনদপত্র বিতরণ করা হয়।
আরকে/ সাইফ




















