চাঁদপুরসহ দেশের ১৪টি জেলার প্রশাসনে পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে চাঁদপুর জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ২৯তম বিসিএসের কর্মকর্তা মো. নাজমুল ইসলাম সরকার। রোববার রাতে রাষ্ট্রপতি কর্তৃক জারি করা আদেশ অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় এই নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে।
বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনকে একই দিনে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে যুগ্ম সচিব পদে পদায়ন করা হয়েছে। এই বিষয়ে আলাদা প্রজ্ঞাপনেও নিশ্চিত করা হয়েছে।
মো. নাজমুল ইসলাম সরকার এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পরিচালক (প্রশাসন) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের সচিবের একান্ত সচিব ছিলেন। মাঠ পর্যায়ে তিনি কাজ করেছেন কিশোরগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজশাহীর গোদাগাড়ী এবং চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে। পর্যটন খাতেও তিনি ফোকাল পার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২৯তম বিসিএসে মেধাতালিকায় ৪৫তম স্থান অর্জন করে প্রশাসন ক্যাডারে যোগ দেন। জন্ম ও বেড়ে ওঠা গাজীপুরে হলেও তার কর্মক্ষেত্র জুড়ে রয়েছে দেশের নানা অঞ্চলে প্রশাসনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতা।
চাঁদপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে তার যোগদান জেলার উন্নয়ন, সুশাসন এবং প্রশাসনিক স্বচ্ছতায় নতুন দিগন্ত উন্মোচন করবে বলে স্থানীয় সচেতন মহলের প্রত্যাশা।
rk / saif




















