মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা দুই পৃথক মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্নাকে নিয়োগ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১। রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার এবং সদস্য বিচারক মোহিতুল হক এনাম চৌধুরীর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সিদ্ধান্ত দেয়।
টিএফআই সেল নামে পরিচিত টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে নির্যাতন ও গুমের অভিযোগে দায়ের করা মামলায় শেখ হাসিনাসহ ১৭ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১০ জন সেনাবাহিনীর বর্তমান ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা ইতিমধ্যে গ্রেপ্তার রয়েছেন।
গ্রেপ্তারদের মধ্যে আছেন—ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম, তোফায়েল মোস্তফা সারোয়ার, মো. কামরুল হাসান, মো. মাহাবুব আলম; ব্রিগেডিয়ার কে এম আজাদ; কর্নেল আবদুল্লাহ আল মোমেন ও আনোয়ার লতিফ খান; লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, সাইফুল ইসলাম সুমন এবং সারওয়ার বিন কাশেম।
রাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার ন্যায়সংগত বিচার নিশ্চিত করতে প্রতিটি আসামির জন্য প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করা হচ্ছে। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই জেড আই খান পান্নাকে শেখ হাসিনার ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
আরকে/ সাইফ




















