পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আদৌ জীবিত আছেন কিনা—এ প্রশ্ন ঘিরে কয়েক দিন ধরে পাকিস্তান ও আফগানিস্তানের সোশ্যাল মিডিয়ায় তীব্র গুঞ্জন চলছে। বিভিন্ন প্ল্যাটফর্মে দাবি করা হচ্ছে, রাওয়ালপিণ্ডির আদিয়ালা কারাগারের ভেতর ‘রহস্যজনক পরিস্থিতিতে’ তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।
আফগানিস্তানের কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানকে জেলের ভেতর হত্যা করে তার দেহ গোপনে সরিয়ে ফেলা হয়েছে। একই ধরনের দাবি সোশ্যাল মিডিয়াতেও ছড়িয়ে পড়েছে, যা দেশ দুটির রাজনৈতিক অঙ্গনে ব্যাপক উত্তেজনা সৃষ্টি করেছে।
ইমরান খান দীর্ঘদিন ধরে আদিয়ালা কারাগারে আটক রয়েছেন। তার গ্রেফতারের প্রতিবাদে সম্প্রতি কারাগারের সামনে কয়েক হাজার পিটিআই সমর্থক বিক্ষোভও করেন। তবে তাকে হত্যা করা হয়েছে—এমন জল্পনা এবারই প্রথম নয়।
পিটিআই-এর অভিযোগ, ইমরান খানের তিন বোন দীর্ঘদিন ধরে তার সঙ্গে দেখা করার অনুমতি চাইলেও তা দেওয়া হয়নি। এ নিয়ে তারা এক মাস ধরে কারাগারের বাইরে অবস্থান কর্মসূচিতে ছিলেন। দলটির দাবি, এক পর্যায়ে পুলিশের হামলায় ইমরানের বোনরা গুরুতরভাবে আহত হন। এর পর থেকেই ইমরানের নিরাপত্তা ও জীবন নিয়ে নতুন করে সন্দেহ দেখা দেয়।
পিটিআই নেতারা জানিয়েছেন, ইমরানের তিন বোন ইতোমধ্যে পাঞ্জাব পুলিশের মহাপরিদর্শকের কাছে লিখিতভাবে অভিযোগ জমা দিয়েছেন। তবে পাকিস্তান সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
সূত্র: নিউজ ১৮।




















