চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের লোধের গাঁও গ্রামে ঘটেছে হৃদয়বিদারক এক ঘটনা। মাত্র ২২ মাস বয়সী শিশু জিসান খেলতে গিয়ে ভ্যানিটি ব্যাগের ফিতা গলায় পেঁচিয়ে প্রাণ হারিয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেলে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয়রা জানান, বিকেলের দিকে বাবা-মায়ের অগোচরে উঠানে একা খেলছিল জিসান। খেলতে খেলতে সে একটি ছোট ভ্যানিটি ব্যাগ হাতে পায়। শিশুসুলভ আনন্দে ব্যাগটি ঘাড়ে ঝোলানোর চেষ্টা করছিল সে। কিন্তু খেলা কখন যে প্রাণঘাতী হয়ে উঠল তা কেউ বুঝে উঠতে পারেনি। এক পর্যায়ে ব্যাগের ফিতা গলায় পেঁচিয়ে গেলে শিশুটি নিস্তেজ হয়ে পড়ে।
হঠাৎ করে নিস্তেজ অবস্থায় শিশুকে দেখতে পেয়ে পরিবারের সদস্যরা চিৎকার শুরু করলে আশপাশের মানুষ ছুটে আসে। দ্রুত জিসানকে উদ্ধার করে তার বাবা জুয়েল হোসেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই সব শেষ হয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক আসিবুল আহসান পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক জানান, শিশুটিকে আনা হয়েছিল প্রাণহীন অবস্থায়। দ্রুত ফাঁস লেগে শ্বাসরোধের কারণে এ মর্মান্তিক মৃত্যু ঘটে থাকতে পারে।
অকালপ্রয়াত জিসান ছিল পরিবারের একমাত্র সন্তান। তার চলে যাওয়া বাবা-মা, স্বজন ও প্রতিবেশীদের বাকরুদ্ধ করে দিয়েছে। শোকে স্তব্ধ হয়ে গেছে পুরো লোধের গাঁও গ্রাম। শিশুটির লাশ বাড়িতে পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজন ও গ্রামবাসী। চারদিকে শুধু শোক আর আহাজারির শব্দ।
নিরাপত্তাহীন খেলনা ও নানা ঝুঁকিপূর্ণ বস্তু শিশুদের নাগালের বাইরে রাখার গুরুত্ব তুলে ধরছেন স্থানীয় সচেতন মানুষজন। তারা বলছেন, এক মুহূর্তের অসাবধানতায় কত বড় বিপদ ঘটে যেতে পারে—এই ঘটনাই তার করুণ প্রমাণ।




















