“যে সহে, সে রহে”— শীতের তীব্রতায় যখন সাধারণ মানুষেরই কষ্ট বাড়ে, তখন রাস্তার ধারে থাকা মানসিক ভারসাম্যহীন মানুষদের দুর্দশা আরও গভীর। সেই কষ্টকে কাছ থেকে অনুভব করে ফরিদগঞ্জের মানবিক পুলিশ সদস্য ইসমাইল রুবেলসহ তিন তরুণ এগিয়ে আসেন শীতার্তদের পাশে।
১১ ডিসেম্বর সন্ধ্যার পর তারা কোনো সংগঠন বা প্রচারণা ছাড়াই ব্যক্তিগত উদ্যোগে ফরিদগঞ্জের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে মানসিক ভারসাম্যহীন ও অসহায় মানুষদের গায়ে কম্বল জড়িয়ে দেন।
জানা যায়, ফরিদগঞ্জ থানার পুলিশ সদস্য ইসমাইল হোসেন, ফরিদগঞ্জ লেখক ফোরামের সাধারণ সম্পাদক তারেক রহমান তারু, তরুণ সাংবাদিক মোঃ ইয়াছিন পালোয়ান এবং সমাজসেবক শেখ ফাহাদ—নিজেদের অর্থায়নে এই কম্বল ক্রয় করেন। পরে রাতে ফরিদগঞ্জ বাজার ও আশপাশে থাকা শীতার্ত মানুষদের খুঁজে তাঁদের হাতে কম্বল তুলে দেন।
কম্বল পেয়ে এসব মানুষ অজান্তেই খুশি হয়ে ওঠে, যা ছুঁয়ে যায় উদ্যোগ নেওয়া চার তরুণের হৃদয়কে। তাদের ভাষায়— “মানবতার জন্য বড় আয়োজনের প্রয়োজন নেই; সামান্য সহায়তাও কারো মুখে স্বস্তির হাসি ফুটিয়ে দিতে পারে।”
এদিকে এলাকাবাসী তাদের এই নিঃস্বার্থ ও অনাড়ম্বর মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে। স্থানীয়দের মতে, সমাজে এমন সচেতন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে এবং মানবিকতার পরিধি আরও বাড়াবে।




















