হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটিতে মোশারফ হোসেন স্বপনকে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করায় দলীয় উচ্চপর্যায়ের প্রতি গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা প্রকাশ করেছেন স্থানীয় নেতাকর্মীরা।
স্বপনকে যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করায় দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হাজীগঞ্জ-শাহরাস্তির জনপ্রিয় নেতা, জিয়া পরিবারের বিশ্বস্ত সহযোদ্ধা, সাবেক চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও চাঁদপুর-৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের প্রতি অকৃত্রিম কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে।
সংগঠনের দায়িত্বশীল সূত্র জানায়— মোশারফ হোসেন স্বপন একজন সৎ, নিবেদিতপ্রাণ ও ত্যাগী নেতা হিসেবে দীর্ঘদিন তৃণমূল বিএনপির সঙ্গে কাজ করে আসছেন। তাঁর নতুন দায়িত্বপ্রাপ্তি উপজেলা বিএনপি’র নেতা-কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সঞ্চার করেছে।
এদিকে চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এবং সাধারণ সম্পাদক অ্যাড. এ কে এম সেলিম উল্লাহ সেলিমের স্বাক্ষরে সদ্য অনুমোদিত ৭৩ সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক, সদস্য সচিবসহ ১৮ জন যুগ্ম আহ্বায়ক ও ৫৩ জন সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।
নবগঠিত কমিটি ঘোষণার পর থেকেই হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়ে। তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন দলীয় নেতারা।




















