গত ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। সেই সঙ্গে আচরণবিধিও প্রকাশ করেছে ইসি। ছিল পুরনো ব্যানার ফেস্টুন ও পোস্টার অপসারণের নির্দেশনাও। সেই আচরণবিধির প্রতি সম্মান জানিয়ে চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ড. জালাল উদ্দিন।
আজ শুক্রবার মতলব উত্তর ও দক্ষিণ উপজেলার বিভিন্ন স্থানে গিয়ে তিনি নিজেই পোস্টার অপসারণ করেন। এই ছবি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহুর্তেই প্রশংসায় ভাসছেন তিনি। অনেকেই কমেন্টে বিভিন্ন মন্তব্য করে ধন্যবাদ জানিয়েছেন ড. জালাল উদ্দিনকে।
এ বিষয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. জালাল উদ্দিন বলেন, আমি নির্বাচনী আচরণবিধির প্রতি শ্রদ্ধাশীল। তাই নির্বাচন কমিশনে নির্দেশনা অনুযায়ী পোস্টার ব্যানার অপসারণ করার জন্য আমি সকল নেতাকর্মীকে নির্দেশনা দিয়েছি। আজকে আমি নিজেও পোস্টার ব্যানার অপসারণ করেছি। আমাদের সকলকেই নির্বাচন আচরণবিধি মেনে চলতে হবে তাহলেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, তফসিল ঘোষণা করায় আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই। বিগত নির্বাচন গুলোর যে কলঙ্ক আমরা বয়ে যাচ্ছি আশা করি এই নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে তা কেটে যাবে।




















