প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট এবং দেশের বিভিন্নস্থানে সাংবাদিকদের উপর হামলা-নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে মানববন্ধন করেছে নারায়ণগঞ্জে কর্মরত গনমাধ্যম কর্মীরা। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন কর্মসূচিটি অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি কবি হালিম আজাদ।
দেশের দুই শীর্ষ দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে সন্ত্রাসী হামলা সংবাদপত্র ও মত প্রকাশের স্বাধীনতার উপর চরম আঘাত হিসেবে উল্লেখ করেছেন নারায়ণগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীরা।
তারা বলেন, স্বাধীনতার পর দেশের কোনো গণমাধ্যমের অফিসে এই ধরনের ন্যাক্কারজনক হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি। এই হামলা কেবল দুটি পত্রিকার উপরে নয়, এটি দেশের গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের ওপর সরাসরি আঘাত। এসময় সাংবাদিকরা হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একইসঙ্গে সারাদেশে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতেরও দাবি জানান।
প্রথম আলো নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক পলাশ ও ডেইলি স্টারের নিজস্ব সংবাদদাতা সৌরভ সিয়ামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, দৈনিক সংবাদের প্রধান প্রতিবেদক সালাম জুবায়ের, বাংলাদেশ কলামিস্ট ফোরামের মহাসচিব মীর আব্দুল আলীম, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, সহ-সভাপতি বিল্লাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও শরীফ উদ্দিন সবুজ, কোষাধ্যক্ষ আনিসুর রহমান জুয়েল, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আহসান সাদিক, কবি ও সাংবাদিক কাজল কানন, জেলা ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হাবিবুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামসহ প্রমূখ।
প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা নারায়ণগঞ্জে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন
-
মনিরুল ইসলাম মনির - আপডেট : ০৮:৪১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫
- 113
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















