ভাষা ও দেশের সীমা পেরিয়ে গড়ে ওঠা এক প্রেমের গল্প শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে থানায়। প্রেমের টানে সুদূর চীন থেকে বাংলাদেশে এসে চাঁদপুরে অবস্থান নেওয়া এক চীনা নাগরিককে পুলিশি হেফাজতে নেওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনাটি চাঁদপুর সদর উপজেলার ২নং আশিকাটি ইউনিয়নের সেনগাঁও গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ ডিসেম্বর চীনা নাগরিক ফাং জিং লং (৩৭) বাংলাদেশে এসে ওই গ্রামের ফারুক হোসেনের কন্যা ফাহিজা আক্তারের (১৭) সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেন। প্রায় এক বছর আগে মোবাইল ফোনে চ্যাটিংয়ের মাধ্যমে তাদের পরিচয় হয়। সময়ের ব্যবধানে সেই পরিচয় গড়ায় প্রেমের সম্পর্কে।
২০ ডিসেম্বর ফাহিজা আক্তার হঠাৎ করে বাড়ি থেকে বের হয়ে গেলে পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে খোঁজ নিয়ে তারা জানতে পারেন, ফাহিজা আক্তার ও ওই চীনা নাগরিক চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকায় পালকি হোটেলে অবস্থানের উদ্দেশ্যে অপেক্ষা করছিলেন।
বিষয়টি জানতে পেরে ২২ ডিসেম্বর রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে ফাহিজা আক্তারের মা ফাতেমা বেগম চাঁদপুর সদর মডেল থানায় যোগাযোগ করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সদর মডেল থানার পুলিশ উভয়ের নিরাপত্তা নিশ্চিত করতে তাদেরকে হেফাজতে নেয়।
পুলিশি জিজ্ঞাসাবাদে তারা জানান, দীর্ঘদিনের মোবাইল যোগাযোগের সূত্র ধরেই ফাং জিং লং বাংলাদেশে আসেন। এ ঘটনায় কোনো প্রকার জোরজবরদস্তি বা অপ্রীতিকর পরিস্থিতির প্রমাণ মেলেনি বলে জানায় পুলিশ।
চাঁদপুর সদর মডেল থানার তদন্ত কর্মকর্তা মিন্টু দত্ত জানান, আইনগত প্রক্রিয়া শেষে চীনা নাগরিক ফাং জিং লংকে তার দেশে ফিরে যাওয়ার লক্ষ্যে নিজ জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে এবং অপ্রাপ্তবয়স্ক ফাহিজা আক্তারকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।
ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।




















