ফরিদগঞ্জ থানাধীন সাহেবগঞ্জ সাধু যোসেফের গির্জায় খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে জেলা পুলিশ, চাঁদপুরের উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে গির্জা প্রাঙ্গণে কেক কেটে খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে জেলা পুলিশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার, হাজীগঞ্জ সার্কেল। আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন, অফিসার ইনচার্জ, ফরিদগঞ্জ থানা, ইন্সপেক্টর (তদন্ত), ফরিদগঞ্জ থানা, গির্জা পরিচালনা কমিটির নেতৃবৃন্দ এবং খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মপ্রাণ মানুষজন।
এ সময় বড়দিন উপলক্ষে চাঁদপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ রবিউল হাসান মহোদয়ের পক্ষ থেকে খ্রিষ্টান সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। অতিথিরা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখাই বাংলাদেশের ঐতিহ্য। জেলা পুলিশ সবসময় সকল ধর্মের মানুষের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সহাবস্থানের পাশে রয়েছে।
অনুষ্ঠানটি এক আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যা স্থানীয়দের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেয়।




















