হিমেল হাওয়া আর ঘন কুয়াশার দখলে পড়েছে পুরো দেশ। ভোরের আলো ফুটতেই কুয়াশার চাদরে ঢেকে যাচ্ছে চারপাশ, সঙ্গে তীব্র শীতের কামড়। সারা দেশে শীতের দাপট এমন পর্যায়ে পৌঁছেছে যে সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ, বিশেষ করে শিশু, বয়স্ক ও দিনমজুর শ্রেণির মানুষ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। একই সঙ্গে কুয়াশার প্রবণতা বাড়বে, ফলে শীতের অনুভূতিও আরও তীব্র হয়ে উঠবে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমানের মতে, বর্তমানে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে। অপরদিকে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করলেও এর বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে।
তবে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে, যা কোথাও কোথাও দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। আবহাওয়া অফিস আশঙ্কা করছে, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটতে পারে।
শীতের এই পরিস্থিতিতে বিশেষজ্ঞরা শিশু, বৃদ্ধ ও অসুস্থদের বাড়তি সতর্কতা অবলম্বনের পাশাপাশি উষ্ণ পোশাক ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
হিমেল হাওয়া ও কুয়াশায় জড়িয়ে দেশ, বাড়ছে শীতের তীব্রতা
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:৪৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- 108
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















