সাংবাদিকতায় সক্রিয় ও উদীয়মান মুখ মো. হোসেন বেপারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল রংধনু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান গ্রীন টিভির চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেছেন।
বৃহস্পতিবার (পহেলা জানুয়ারি) গ্রীন টিভি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাকে এই দায়িত্ব প্রদান করেন। তার নিয়োগের মাধ্যমে চাঁদপুরে গ্রীন টিভির সংবাদ সংগ্রহ ও সম্প্রচার কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
পড়াশোনার পাশাপাশি দীর্ঘদিন ধরে সাংবাদিকতার সাথে সম্পৃক্ত রয়েছেন মো. হোসেন বেপারী। কর্মজীবনে তিনি পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে ইতোমধ্যে সহকর্মী ও পাঠকমহলে প্রশংসা কুড়িয়েছেন। তিনি ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক বাণিজ্য প্রতিদিন, ইংরেজি জাতীয় দৈনিক দ্য বাংলাদেশ এক্সপ্রেস এবং স্থানীয় দৈনিক চাঁদপুর খবর পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন।
বর্তমানে তিনি দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বার্তা২৪, জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি ট্রাইব্যুনাল, স্থানীয় দৈনিক দৈনিক শপথ পত্রিকার প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে অনলাইন নিউজ পোর্টাল পপুলার বিডিনিউজের বার্তা সম্পাদক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন।
নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে মো. হোসেন বেপারী বলেন, “সাংবাদিকতা আমার পেশা নয়, নেশা। গ্রীন টিভির মতো একটি গণমাধ্যমে কাজ করার সুযোগ পাওয়ায় আমি কৃতজ্ঞ। সততা ও দায়িত্বশীলতার সঙ্গে চাঁদপুর জেলার সত্য ও সময়োপযোগী সংবাদ দেশবাসীর কাছে তুলে ধরতে সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি আগামীর কর্মময় সাংবাদিকতা জীবনে চাঁদপুর প্রেসক্লাব, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরাম, জেলা ও উপজেলার সকল সংবাদকর্মী, শুভানুধ্যায়ী এবং সাধারণ মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
ব্যক্তিগত জীবনে মো. হোসেন বেপারী চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমূড়া গ্রামের সেকান্দার আলী বেপারী বাড়ির বাসিন্দা। তিনি ওই গ্রামের মরহুম বদিউজ্জামানের মেজো ছেলে।
শিক্ষাজীবনে তিনি রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন এবং বর্তমানে একই কলেজে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত রয়েছেন। পড়াশোনার পাশাপাশি সাংবাদিকতায় দক্ষতা বাড়াতে তিনি নিয়মিত প্রশিক্ষণ, অনুসন্ধানমূলক প্রতিবেদন ও মাঠপর্যায়ের সংবাদ সংগ্রহে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন।




















