জানুয়ারি মাসে দেশের শীত আরও তীব্র আকার ধারণ করতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ সময় দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা সর্বনিম্ন ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে বিভিন্ন এলাকায় একাধিক দফায় শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম জানান, জানুয়ারি মাসজুড়ে দেশে মোট ৫টি শৈত্যপ্রবাহ আঘাত হানতে পারে। এর মধ্যে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ মৃদু থেকে মাঝারি মাত্রার হতে পারে, যেখানে তাপমাত্রা থাকবে ৮–১০ ডিগ্রি থেকে ৬–৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এছাড়া ১ থেকে ২টি শৈত্যপ্রবাহ মাঝারি থেকে তীব্র, যা তাপমাত্রা ৬–৮ ডিগ্রি থেকে নেমে ৪–৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, জানুয়ারিতে সার্বিকভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদ-নদী অববাহিকা ও নিম্নাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্য এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে। কোনো কোনো দিনে এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে।
আবহাওয়া অফিস জানায়, ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে যাবে, ফলে শীতের অনুভূতি আরও বেশি তীব্র হবে।
এদিকে স্বস্তির খবর হলো, জানুয়ারি মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা নেই। একই সঙ্গে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এছাড়া জানুয়ারি মাসে দেশের দৈনিক গড় বাষ্পীভবন ১ দশমিক ৫০ থেকে ৩ দশমিক ৫০ মিলিমিটার এবং গড় সূর্যকিরণকাল ৩ দশমিক ৫০ থেকে ৫ দশমিক ৫০ ঘণ্টা পর্যন্ত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
জানুয়ারিতে নামতে পারে তাপমাত্রা ৪ ডিগ্রিতে, পাঁচ দফা শৈত্যপ্রবাহের আভাস
-
ডেস্ক রিপোর্ট - আপডেট : ০৮:২৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬
- 484
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















