অবৈধ মোবাইল ফোন ব্যবহার বন্ধ, চুরি হওয়া হ্যান্ডসেট দ্রুত শনাক্ত ও নিষ্ক্রিয় করা এবং মোবাইল ফোন বাজারে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) কার্যক্রম চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে এই কার্যক্রম কার্যকর হয়েছে।
এনইআইআর চালুর ফলে এখন থেকে দেশে নেটওয়ার্কে নতুন যুক্ত হওয়া সব মোবাইল ফোন যাচাইয়ের আওতায় আসবে। নিবন্ধনবিহীন বা অবৈধ ফোন শনাক্ত হলে সেগুলো পর্যায়ক্রমে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন করা হবে। এতে চোরাই ফোনের ব্যবহার কমার পাশাপাশি মোবাইল ফোন বাজারে দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এনইআইআর কার্যক্রম শুরুর পর সাধারণ গ্রাহকদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে—নিজের জাতীয় পরিচয়পত্র দিয়ে কয়টি মোবাইল ফোন নিবন্ধিত আছে এবং বর্তমানে ব্যবহৃত ফোনটি বৈধ কিনা, তা কীভাবে জানা যাবে। এখন এসব তথ্য ঘরে বসেই অনলাইনের মাধ্যমে জানা সম্ভব।
জাতীয় পরিচয়পত্র দিয়ে নিবন্ধিত মোবাইল ফোনের সংখ্যা জানতে প্রথমে বিটিআরসির নির্ধারিত ওয়েবসাইট https://neir.btrc.gov.bd/ এ প্রবেশ করতে হবে। এরপর হোমপেজের উপরের ডান পাশে থাকা রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধনের সময় নাম লেখার ক্ষেত্রে কোনো স্পেস ব্যবহার করা যাবে না এবং ইউজার আইডি ছোট হাতের অক্ষর ও সংখ্যা দিয়ে তৈরি করতে হবে। ১০ ডিজিটের নম্বর হলে স্মার্ট আইডি এবং ১৩ বা ১৭ ডিজিটের হলে এনআইডি অপশন নির্বাচন করতে হবে। নিবন্ধন শেষে লগইন করলে সংশ্লিষ্ট জাতীয় পরিচয়পত্রের বিপরীতে নিবন্ধিত সব মোবাইল ফোনের বিস্তারিত তথ্য দেখা যাবে।
এছাড়া ব্যবহৃত মোবাইল ফোনটি বৈধ কিনা তা যাচাই করতে একই ওয়েবসাইটের বাম পাশে থাকা যাচাই অপশনে ফোনের আইএমইআই নম্বর দিয়ে অনুসন্ধান করা যাবে। আইএমইআই নম্বর জানতে মোবাইল ফোনে *#06# ডায়াল করতে হবে।
বিশেষজ্ঞদের মতে, এনইআইআর কার্যক্রম চালুর মাধ্যমে অবৈধ ও চোরাই মোবাইল ফোন ব্যবহারে লাগাম টানা সম্ভব হবে। একই সঙ্গে গ্রাহকদের স্বার্থ সুরক্ষা এবং মোবাইল ফোন বাজারে স্বচ্ছতা ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




















