দৈনিক আমার দেশ পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি গিয়াস উদ্দিন মিলনের বাবা, অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব মাওলানা সাদুল্যা খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বার্ধক্যজনিত কারণে চাঁদপুর শহরে তাঁর মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। তিনি দুই ছেলে ও পাঁচ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা আজ বাদ এশা রাত সাড়ে ৮টায় তাঁর গ্রামের বাড়ি চাঁদপুর সদর উপজেলার শাহতলী এলাকার পাটওয়ারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।
আলহাজ্ব মাওলানা সাদুল্যা খান চাঁদপুর শহরের আক্কাস আলী রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন অবসরপ্রাপ্ত শিক্ষক ছিলেন। তিনি শাহতলী কামিল মাদ্রাসা থেকে টাইটেল পাস করেন। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সৎ, বিনয়ী ও ধর্মপরায়ণ মানুষ হিসেবে এলাকায় সুপরিচিত ছিলেন। তাঁর ইন্তেকালে পরিবার-পরিজনের পক্ষ থেকে মরহুমের রূহের মাগফিরাত কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
মাওলানা সাদুল্যা খানের মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে চাঁদপুরে শোকের ছায়া নেমে আসে। চাঁদপুর প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এক শোকবার্তায় চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ, দৈনিক মেঘনা বার্তা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জিএম শাহীন, বার্তা সম্পাদক আনোয়ারুল হক এবং চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী ইয়াছিন ইকরাম ও সাধারণ সম্পাদক মো. শাওন পাটওয়ারী গভীর শোক প্রকাশ করেন।
এছাড়াও দৈনিক আমার দেশ–এর চাঁদপুর জেলার সকল উপজেলা প্রতিনিধিবৃন্দ মরহুমের ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।




















