চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ১৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নের রূপসা বাজার এলাকায়, রুপসা জমিদার বাড়ি সংলগ্ন সিএনজি স্কুটার স্ট্যান্ডের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে— বগি, দামা, চাইনিজ কুড়াল ও চুরি সহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র।
এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া জানান, অস্ত্র উদ্ধারের বিষয়টি তিনি অবগত হয়েছেন, তবে এ সংক্রান্ত বিস্তারিত তথ্য সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী জানাতে পারবে।
চাঁদপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ/ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে রূপসা এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। কারা এসব অস্ত্র এখানে রেখেছে তা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে, অস্ত্র উদ্ধারের ঘটনায় এখনো জড়িতদের পরিচয় শনাক্ত না হওয়ায় স্থানীয়দের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্তের মাধ্যমে অস্ত্রগুলোর সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।
আরকে/ সাইফ




















