চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে জিএম জহিরুল ইসলামের নিজ অর্থায়নে দীর্ঘদিন অবহেলিত একটি কাঁচা রাস্তার সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে। প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ উত্তর বালিয়া খান বাড়ির সামনে থেকে শুরু হওয়া রাস্তাটিতে ইটের সলিং বসানো, সড়ক টেকসইকরণ এবং পুকুরপাড়ে বালুভর্তি বস্তা দিয়ে স্থায়ী বাঁধ নির্মাণ করা হয়।
স্থানীয়ভাবে বালিয়া ইউনিয়নের উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত এবং ইউনিয়ন বিএনপির উপদেষ্টা, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী জিএম জহিরুল ইসলাম কাজটি পরিদর্শনকালে বলেন,
“আমি আপনাদের কাছে কিছু চাইতে আসিনি। আমি আপনাদের সেবক হয়ে কাজ করে যেতে চাই। বালিয়ায় যে সকল উন্নয়নমূলক কাজ অবহেলিত হয়ে পড়ে আছে, সেগুলো সম্পূর্ণ করার দায়িত্ব আমি নিজের কাঁধে নিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, যেন এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে পারি।”
রাস্তা সংস্কার কাজ পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন বালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আলাউদ্দীন কাজী, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফারুকুল ইসলাম, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. আরশাদ রাড়ীসহ স্থানীয় এলাকাবাসী।
উল্লেখ্য, জিএম জহিরুল ইসলাম দীর্ঘদিন ধরে বালিয়ার বিভিন্ন সামাজিক সংগঠন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানসহ নানামুখী সেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তার নিজ অর্থায়ন ও তত্ত্বাবধানে এর আগেও একাধিক উন্নয়নমূলক কাজ বাস্তবায়িত হয়েছে। এসব মানবিক ও উন্নয়নমূলক উদ্যোগের ফলে এলাকাবাসীর মাঝে তার সেবামূলক কর্মকাণ্ড ব্যাপক প্রশংসা অর্জন করে।




















