ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ চলাকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দায়িত্ব পালনরত এক পোলিং অফিসারের আকস্মিক মৃত্যু হয়েছে।
নিহত মুজাহিদুল ইসলাম সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়ন ইসলামী ফাউন্ডেশনের একজন শিক্ষক। তিনি একটি ভোটকেন্দ্রের ৫১ নম্বর ভোটকক্ষে পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সরাইল উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আবু বকর সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। কেন্দ্র সংশ্লিষ্টরা জানান, দায়িত্ব পালনের সময় হঠাৎ অসুস্থতা অনুভব করলে সহকর্মীরা দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে সহকর্মী, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় সারা দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।
দেশের ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি ভোটকক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এবারের নির্বাচনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে। মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন—দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন।
এবারের জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের ২৯৯টি আসনে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৩২ জন।
আরকে/ সাইফ




















