চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি। সভায় দিবসটি উপলক্ষে গৃহীত বিভিন্ন কর্মসূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের গর্বের অধ্যায়। নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের চেতনা তুলে ধরতে দিবসটি মর্যাদার সঙ্গে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রহমত উল্ল্যাহ বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেবল একটি দিবস নয়, এটি আমাদের ভাষা, সংস্কৃতি ও পরিচয়ের প্রতীক। সরকারি নির্দেশনা অনুযায়ী সকল কর্মসূচি যথাসময়ে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল হাসান বলেন, দিবসটি পালনকালে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রশাসন সর্বোচ্চ সতর্ক থাকবে। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পাশাপাশি সকলের সহযোগিতা প্রয়োজন। আরো বক্তব্য রাখেন, সাংবাদিক ফারুক হোসেন, জাকির হোসেন বাদশা।
সভায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, ভাষা শহীদদের স্মরণে দোয়া ও শিক্ষাপ্রতিষ্ঠানে বিশেষ কর্মসূচিসহ বিভিন্ন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, গণমাধ্যম কর্মী এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




















