পবিত্র মাহে রমজান ২০২৬ ইং উপলক্ষে আমেরিকায় বসবাসরত মতলববাসীদের প্রবাসী সংগঠন মতলব সমিতির সভাপতি ও সাবেক ছাত্রনেতা নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল মতলব উত্তর উপজেলা সহ বিশ্বের সকল মুসলমানদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় সাবেক ছাত্রনেতা নাজিরউদ্দিন পাটোয়ারী সোহেল বলেন, মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম, ধৈর্য ও তাকওয়া অর্জনের সর্বোত্তম সময়। এই মাস মানুষের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ সুগম করে। রোজা মানুষের ভেতর আত্মনিয়ন্ত্রণ, সহানুভূতি ও মানবিকতা জাগ্রত করে।
আমেরিকায় মতলব সমিতির সভাপতি নাজিরউদ্দিন পাটোয়ারী সোহেল আরও বলেন, মাহে রমজান কেবল উপবাসের মাস নয়, বরং কোরআন নাজিলের মাস, ইবাদত-বন্দেগি ও আত্মগঠনের মাস। এ মাসে দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। যাকাত, ফিতরা ও দান-সদকার মাধ্যমে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করা সম্ভব।
নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল বলেন, প্রবাসে থেকেও আমরা দেশের মানুষের সুখ-দুঃখের অংশীদার। মাতৃভূমি ও মতলববাসীর প্রতি আমাদের ভালোবাসা ও দায়িত্ব সবসময় অটুট। মাহে রমজানের বরকতে যেন দেশের প্রতিটি মানুষের জীবনে শান্তি, স্থিতি ও সমৃদ্ধি ফিরে আসে এই কামনাই করি।
নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল আরও বলেন, বর্তমান বিশ্বে অস্থিরতা, যুদ্ধ ও মানবিক সংকট বেড়ে চলেছে। এমন প্রেক্ষাপটে মাহে রমজানের শিক্ষা আমাদেরকে শান্তি, সহনশীলতা ও পারস্পরিক সহযোগিতার পথে চলতে উদ্বুদ্ধ করে।
মুসলিম উম্মাহ যদি রমজানের আদর্শে ঐক্যবদ্ধ হয়, তাহলে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে।
শেষে তিনি মতলব উত্তর উপজেলা বাসীসহ দেশের ও বিশ্বের সকল মুসলমানদের সুস্থতা, নিরাপত্তা ও কল্যাণ কামনা করেন এবং পবিত্র মাহে রমজানের মর্যাদা রক্ষা করে বেশি বেশি ইবাদত-বন্দেগি, দোয়া ও মানবসেবায় নিজেদের নিয়োজিত করার আহ্বান জানান।




















