বগুড়ার সোনাতলা উপজেলা-র সোনাতলা বড় বাজারে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করায় কয়েকটি দোকানকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন। এ সময় বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে তদারকি করা হয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের হালনাগাদ মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়।
অভিযানকালে মূল্য তালিকা না থাকায় সংশ্লিষ্ট আইন অনুযায়ী কয়েকটি দোকানকে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়, ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেট স্বীকৃতি প্রামাণিক বলেন- ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে স্বচ্ছতা বজায় রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। প্রত্যেক ব্যবসায়ীকে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানিয়ে রাখতে হবে। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




















