পবিত্র মাহে রমজান উপলক্ষে আস-সুন্নাহ ফাউন্ডেশন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ৫০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে সুবিধাবঞ্চিত পরিবারের হাতে এসব ইফতার সামগ্রী পৌঁছে দেন সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।
সংগঠন সূত্রে জানা যায়, রমজানে দরিদ্র মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি প্যাকেজে ছিল ২ কেজি ছোলা, ২ কেজি মসুর ডাল, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি খেজুর ও ১ কেজি মুড়ি। এছাড়া ইবাদতে উৎসাহ দিতে ‘মাহে রমজানের ২৭ আমল’ শীর্ষক একটি বই উপহার দেওয়া হয়।
হাজীগঞ্জ প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী জানান, রমজান উপলক্ষে দেশের দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে সংগঠনটি দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করছে। চলতি বছর ৬৪ জেলার ৬২৭টি স্থানে ৩৩ হাজার ৩০০ পরিবারের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য প্রায় ২৩৩ টন খাদ্যসামগ্রী প্রস্তুত করা হচ্ছে। প্রতিটি পরিবার প্রায় এক হাজার টাকা সমমূল্যের সহায়তা পেয়েছে।
ইফতার সামগ্রী পেয়ে উপকারভোগীরা কৃতজ্ঞতা প্রকাশ করেন। মিজান নামের এক উপকারভোগী বলেন, “রমজানে সংসারের খরচ বেড়ে যায়, এই সহায়তা আমাদের অনেক উপকারে এসেছে। আমরা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই।”
স্থানীয় বাসিন্দা ফারুক মজুমদার বলেন, “রমজানের শুরুতেই এ ধরনের মানবিক উদ্যোগ দরিদ্র পরিবারের জন্য স্বস্তি নিয়ে আসে। সমাজের বিত্তবান ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো এগিয়ে এলে অসহায় মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে।”
হাজীগঞ্জে ৫০ অসহায় পরিবারের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশন
-
নুর মোহাম্মদ পাটোয়ারী - আপডেট : ০১:৫১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- 115
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















