মোহাম্মদ হাবীব উল্যাহ্ :
হাজীগঞ্জের গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দেশঁগাও জয়নাল আবেদীন উচ্চ বিদ্যালয়ে, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদকসহ সামাজিক ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকালে শিক্ষার্থীদের সাথে সামাজিক ও সাইবার অপরাধ সম্পর্কে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ সার্কেল) মো. সোহেল মাহমুদ পিপিএম।
তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বলেন, ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক একটি সামাজিক ব্যাধি। এটা রোধ করতে তোমাদের এগিয়ে আসতে হবে। পাশাপাশি সমাজের সব শ্রেণির মানুষকে একসঙ্গে কাজ করতে হবে। আমরা সবার পাশে আছি।
সাইবার অপরাধ বিষয়ে তিনি বলেন, বিজ্ঞান আশীর্বাদ নাকি অভিশাপ তা নির্ভর করে মানুষের সঠিক ব্যবহার বা প্রয়োগের উপর। তোমরা সচেতনতার সাথে সোশ্যাল মিডিয়া ফেসবুক, টুইটার বা ইলেকট্রনিক ডিভাইস সমূহ ব্যবহার করবে এবং প্রয়োজনীয় ও ইতিবাচক বিষয়গুলো গ্রহণ করবে।
এ সময় তিনি সামাজিক ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার মাধ্যমে সচেতনতা বৃদ্ধির জন্য অভিভাবক ও শিক্ষকগণকে অনুরোধ করেন।
হাজীগঞ্জ থানার আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনির হোসেনের সভাপতিত্বে সচেতনামূলক সভায় আরো বক্তব্য রাখেন, অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জোবাইর সৈয়দ। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।




















