চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সত্তারের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাৎ, সন্ত্রাসী হামলা এবং দরবার-শালিসের নামে সাধারণ মানুষকে হয়রানির গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগে চাঁদপুর-৫ (শাহরাস্তি-হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক বরাবর পৃথক দুটি লিখিত আবেদন করেছেন দুই ভুক্তভোগী।
প্রথম অভিযোগে রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামের বাসিন্দা মোশাররফ হোসেন (৬৫) জানান, তিনি ৬ শতাংশ জমি কেনার জন্য তার বোন বেরকী গ্রামের মরিয়ম বেগম (৭০)-এর কাছে ২ লাখ ৯০ হাজার টাকা প্রদান করেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও জমি বুঝে না পাওয়ায় তিনি বিভিন্ন সময় যোগাযোগ করলেও কোনো সমাধান পাননি। পরে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে সাবেক চেয়ারম্যান আব্দুস সত্তারসহ কয়েকজন তার কাছ থেকে আরও ৫০ হাজার টাকা নেন।
মোশাররফ হোসেন অভিযোগ করেন, গত বছরের ২৮ অক্টোবর টাকা ফেরত কিংবা জমি বুঝে দেওয়ার দাবি জানালে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়, মারধর করে এবং প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেছেন, যা বর্তমানে পুলিশ তদন্ত প্রতিবেদন দাখিলের অপেক্ষায় রয়েছে।
দ্বিতীয় অভিযোগে একই এলাকার বাসিন্দা শাহিন বেগম (৪৭) বলেন, স্বামীর মৃত্যুর পর থেকে তিনি চরম অসহায় অবস্থায় দিনযাপন করছেন। তার অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা তার স্বামীর ওয়ারিশসূত্রে প্রাপ্ত সম্পত্তি জোরপূর্বক দখল করে রেখেছে এবং তাকে নিজ জমিতে প্রবেশ করতে দিচ্ছে না।
তিনি আরও জানান, জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং ঋণ পরিশোধে সহায়তার আশ্বাস দিয়ে আব্দুস সত্তার তার কাছ থেকে ধাপে ধাপে ৩০ হাজার টাকা নেন। কিন্তু কোনো সমাধান না করে উল্টো তাকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
শাহিন বেগম বলেন, “আমি একজন অসহায় বিধবা। আমাকে ও আমার মেয়েকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করা হচ্ছে। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
এ ঘটনায় স্থানীয়দের মাঝেও চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসীর দাবি, এ ধরনের অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হোক।
অভিযোগের বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, আব্দুস সত্তারের বিরুদ্ধে একাধিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া বলেন, “আব্দুস সত্তারের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো আমরা গুরুত্ব সহকারে দেখছি। তদন্ত সাপেক্ষে দলীয়ভাবে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।”
অভিযুক্ত আব্দুস সত্তারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
ভুক্তভোগীরা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।




















