জামালপুরের ইসলামপুর উপজেলায় তেল পাওয়ার আশায় রাতভর অপেক্ষা শেষে ক্ষোভে ফেটে পড়েন মোটরসাইকেল চালকেরা। সোমবার (৬ এপ্রিল) সকালে মোশারফগঞ্জ এলাকায় মেসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে সড়ক অবরোধের ঘটনা ঘটে, যার ফলে তৈরি হয় দীর্ঘ যানজট ও চরম দুর্ভোগ।
ঘটনার সূত্রপাত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি খবর থেকে—পাম্পটিতে তেল সরবরাহ এসেছে। সেই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাত থেকেই শত শত মোটরসাইকেল চালক লাইনে দাঁড়িয়ে পড়েন।
তবে সকালে হঠাৎ করেই পাম্প কর্তৃপক্ষ জানায়, তাদের কাছে কোনো তেল নেই এবং এখনো সরবরাহ পৌঁছায়নি। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন অপেক্ষমাণ চালকেরা। একপর্যায়ে তারা দেওয়ানগঞ্জ-জামালপুর সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ গড়ে তোলেন।
অবরোধের কারণে সড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও পথচারীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দ্রুত ব্যবস্থা নেয়। পরে অবরোধ সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
অবরোধে অংশ নেওয়া এক চালক বলেন,
“রাত থেকে লাইনে আছি। যদি তেল না থাকে, সেটা আগে বললেই হতো। আমাদের এতক্ষণ দাঁড় করিয়ে রেখে এখন বলা হচ্ছে তেল নেই—এটা অন্যায়।”




















