চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৬ নম্বর বড়কুল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এক প্রতিবন্ধীর জমির গাছ অবৈধভাবে কেটে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন মুন্সীর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার মৃত আবুল কাসেম মুন্সীর ছেলে ফরহাদ হোসেন (লিটন)-এর মালিকানাধীন জমিতে থাকা প্রায় ৮ থেকে ১০টি গাছ জোরপূর্বক কেটে নিয়ে যাওয়া হয়। এতে অভিযুক্ত হিসেবে ইউপি সদস্য আলাউদ্দিন মুন্সীর নাম উঠে এসেছে।
ভুক্তভোগী ফরহাদ হোসেন লিটন জানান, তিনি একাধিকবার গাছ না কাটার জন্য অনুরোধ করলেও তা উপেক্ষা করা হয়। বরং জোরপূর্বক গাছ কেটে নিয়ে যাওয়া হয়। এ বিষয়ে প্রতিবাদ জানালে তাকে মোবাইল ফোনে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও দাবি করেন, কাটা গাছগুলো স্থানীয় কয়েকজনের কাছে বিক্রি করা হয়েছে। তাদের মধ্যে কাওছার, ইয়াছিন, আবু কালাম, মালেক, রহিম ও রহমান মজুমদারের নাম উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করে ভুক্তভোগী স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
অভিযুক্ত ইউপি সদস্য আলাউদ্দিন মুন্সীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার জানান, “অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় সচেতন মহলের মতে, দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করা হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।




















