চাঁদপুর শহরের প্রেসক্লাবের পেছনে ডাকাতিয়া নদীর তীরে দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন যুবকের মহড়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি সামনে আসার পরপরই নড়েচড়ে বসেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, দুই যুবক দেশীয় অস্ত্র হাতে নিয়ে আরেক যুবকের ওপর হামলার অভিনয় করছেন। ঘটনাস্থলে দুই তরুণীকে বসে আড্ডা দিতেও দেখা যায়। দূর থেকে ধারণ করা ভিডিওটি পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
স্থানীয় সূত্র জানায়, ডাকাতিয়া নদীর এই এলাকায় প্রতিদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে অনেক মানুষ ঘুরতে আসেন। তবে এর আড়ালে কিছু অসাধু কিশোর গ্যাং সদস্য মাঝে মাঝে পথচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই করে বলে অভিযোগ রয়েছে। ফলে এলাকাবাসীর মধ্যে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা নিয়ে উদ্বেগ বিরাজ করছে।
ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত হলে পুলিশ দ্রুত তদন্তে নামে। পুলিশ সূত্রে জানা গেছে, ভাইরাল ভিডিওতে থাকা যুবকদের ইতোমধ্যে শনাক্ত করা হয়েছে। তাদের আটক করতে পুলিশ অভিযান পরিচালনা করছে এবং বিভিন্ন স্থানে তল্লাশি জোরদার করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুরের পুলিশ সুপার রবিউল হাসান বলেন, “আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। অভিযানে নেমেছি। জড়িতদের শনাক্ত করা হয়েছে, দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।”
পুলিশ আরও জানিয়েছে, সন্দেহভাজনদের ধরতে প্রযুক্তির সহায়তায় নজরদারি বাড়ানো হয়েছে এবং আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে।
এদিকে সচেতন মহল বলছে, জনসমাগমপূর্ণ এলাকায় এ ধরনের অস্ত্র প্রদর্শন ও মহড়া জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। দ্রুত জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।




















