চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের উত্তর সাহেবগঞ্জ গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১টি পরিবারের ২০টি ছোট-বড় বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১৩ মে) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও শোকের পরিবেশ সৃষ্টি হয়। সৌভাগ্যক্রমে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
স্থানীয়দের ভাষ্য, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে দেলোয়ার হোসেনের ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং প্রবল বাতাসের কারণে তা ভয়াবহ রূপ নেয়। প্রায় দুই ঘণ্টা ধরে আগুনের লেলিহান শিখায় গ্রামের একের পর এক ঘর পুড়ে যায়।
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দীর্ঘ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দেলোয়ার হোসেন, মোকবুল হোসেন, নজরুল ইসলাম তুষার, আইয়ুব আলী, আবুল কাশেম, আবুল খায়ের, ইমরান হোসেন, আবুল হাসেম, মামুনসহ ক্ষতিগ্রস্ত পরিবারের বসতঘর ও মালামাল সম্পূর্ণ ভস্মীভূত হয়।
ক্ষতিগ্রস্ত সুমি বেগম জানান, রান্নার কাজ শেষে গোসল করতে যাওয়ার কিছুক্ষণ পরই আগুন দেখতে পান তিনি। চোখের পলকে আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা কোনোমতে প্রাণ নিয়ে বের হতে পারলেও ঘরের কিছুই রক্ষা করা সম্ভব হয়নি।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। স্থানীয় প্রশাসনের জরুরি সহায়তা কামনা করেছেন তারা।
ফরিদগঞ্জে আগুনে পুড়ল ১১ পরিবারের স্বপ্ন, ছাই হয়ে গেল ২০ বসতঘর
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৭:৩০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
- 104
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















