পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হাজীগঞ্জে অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়িয়েছে সামাজিক সংগঠন আরাফাত ফাউন্ডেশন। সংগঠনটির উদ্যোগে শতাধিক অসহায় পরিবারের মাঝে ঈদের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। “ঈদের উপহার সামগ্রী বিতরণ-২০২৬” শীর্ষক এই মানবিক আয়োজনের সৌজন্যে ছিলেন লন্ডন প্রবাসী সমাজসেবক ফয়সাল আরাফাত।
বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ বড় মসজিদ মাঠে আয়োজিত এ কার্যক্রমে নিম্নআয়ের ও অসচ্ছল পরিবারের হাতে খাদ্যসামগ্রী ও ঈদ উপহার তুলে দেওয়া হয়। উপহার পেয়ে অনেক পরিবার আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এসময় প্রবাসী সমাজসেবক ফয়সাল আরাফাত বলেন,
“ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে। ভবিষ্যতেও আরাফাত ফাউন্ডেশনের এমন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন,
“প্রবাসে থাকলেও সবসময় নিজের এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। ঈদের আনন্দ থেকে যেন কেউ বঞ্চিত না হয়, সেই চিন্তা থেকেই এই আয়োজন করা হয়েছে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, তরুণ স্বেচ্ছাসেবক ও আরাফাত ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন। উপহার গ্রহণ শেষে সুবিধাভোগীরা ফয়সাল আরাফাত ও আরাফাত ফাউন্ডেশনের জন্য দোয়া কামনা করেন।
স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা ও সৌহার্দ্যের দৃষ্টান্ত স্থাপন করেছে।




















