নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের কচুয়া থানা পুলিশের অভিযানে ১৯৫ পিস ইয়াবাসহ মো. আলী নূর দাড়িয়া নামক এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার খাজুরিয়া এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের সামনে থেকে ইয়াবাসহ তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারি মো. আলী নূর দাঁড়িয়া (৩০) গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া থানার মাঝবাড়ি গ্রামের এবাদুল মুন্সী বাড়ির মৃত ওসমান দাড়িয়া ছেলে। এদিন তার বিরুদ্ধে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এদিন বিকালে উপজেলার খাজুরিয়া এলাকায় কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া যাত্রী ছাউনির সামনে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উপ-পরিদর্শক (এসআই) মো. সুদীপ্ত শাহীন সঙ্গীয় ফোর্স।
এ সময় মো. আলী নূর দাড়িয়ার কাছ থেকে ১৯৫ পিস ইয়াবা জব্দ এবং তাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়। বুধবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে, আদালত তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়।





















