মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে আগামী জুন মাসে দেশটি সফরে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হওয়ার পাশাপাশি বাংলাদেশি কর্মীদের জন্য দীর্ঘদিন বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ও ২২ জুন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর ২৩ থেকে ২৬ জুন তার চীন সফরের সূচি নির্ধারণ করা হয়েছে। তবে তিনি কুয়ালালামপুর থেকে সরাসরি বেইজিং যাবেন নাকি ঢাকায় ফিরে পরে চীন সফরে যাবেন, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
চলতি বছরের ফেব্রুয়ারিতে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম বিদেশ সফর। গত কয়েক মাস ধরে তার প্রথম রাষ্ট্রীয় সফরের গন্তব্য নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, আঞ্চলিক ভূ-রাজনৈতিক বাস্তবতা এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যেই মালয়েশিয়াকে প্রথম সফরের গন্তব্য হিসেবে বেছে নেওয়া হয়েছে।
সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে জনশক্তি রপ্তানি ও অভিবাসন খাত। প্রায় দুই বছর ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানোর বিষয়ে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা হবে। এ আলোচনার ফলস্বরূপ বাংলাদেশি কর্মীদের জন্য শ্রমবাজার পুনরায় চালুর ঘোষণা আসতে পারে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্ট মহল মনে করছে, প্রধানমন্ত্রীর এই সফর শুধু কূটনৈতিক সম্পর্ক জোরদারই করবে না, বরং বাণিজ্য, বিনিয়োগ এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে মালয়েশিয়ার শ্রমবাজার চালু হলে দেশের হাজারো কর্মপ্রত্যাশীর জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে।
মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, খুলতে পারে শ্রমবাজার
-
ডেস্ক নিউজ - আপডেট : ১২:০০:১৪ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- 223
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















