কুমিল্লার চান্দিনা থানা পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নকল সিগারেট ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় নকল সিগারেট বিক্রির অভিযোগে দুইজনসহ বিভিন্ন মামলায় মোট পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন দিবাগত রাত অর্থাৎ ২০ জুন রাত আনুমানিক ৩টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার এসআই (নিরস্ত্র) শিশির ঘোষ সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে চান্দিনা পৌরসভার পালকি সিনেমা হলের সামনে কুমিল্লা-ঢাকা মহাসড়কের ওপর থেকে স্টিকারযুক্ত ১ হাজার ৩০০ প্যাকেট নকল স্টার সিগারেট উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সিগারেটের প্রতিটি প্যাকেটে ২০টি করে মোট ২৬ হাজার শলাকা সিগারেট ছিল। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা।
এ ঘটনায় নকল সিগারেট বিক্রির অভিযোগে হোসেন (৪০) ও রমজান আলী (৫২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা উভয়েই কুমিল্লার দেবিদ্বার উপজেলার ধামতী এলাকার বাসিন্দা।
এছাড়া থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। মাদক ব্যবসার অভিযোগে নুর মোহাম্মদ ওরফে আকাশ (২৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার গলিয়ারা এলাকার বাসিন্দা।
অপরদিকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় হুমায়ূন আহমেদ (৪৩) এবং জিআর ওয়ারেন্টভুক্ত আসামি রেজাউল করিম ওরফে সুজন (২৮)কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া মোট পাঁচজন আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।




















