ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। প্রতিদিনের মতো মক্তবে পড়তে যাওয়ার জন্য ছোট্ট রাফিয়া আক্তার (৬) বের হয়েছিল বাড়ি থেকে। কে জানত, এই যাওয়াটিই হবে তার জীবনের শেষ যাত্রা!
চাঁদপুরের হাজীগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ছয় বছরের শিশু রাফিয়া আক্তার। সোমবার ভোর ৬টার দিকে উপজেলার ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ এলাকায় হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাফিয়া আক্তার পাতানিশ গ্রামের বেপারি বাড়ির এমরান বেপারির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার ভোরে মক্তবে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় রাফিয়া। পাতানিশ মসজিদের সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। মুহূর্তেই ছিটকে পড়ে যায় ছোট্ট শিশুটি। স্থানীয়রা দ্রুত এগিয়ে এলেও শেষ পর্যন্ত তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে যাওয়ার পথে রাফিয়া সড়ক পার হচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাত্র ছয় বছরের একটি শিশুর এমন আকস্মিক মৃত্যুতে পাতানিশ এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। যে বয়সে বই-খাতা হাতে মক্তব থেকে ফিরে মায়ের কাছে আবদার করার কথা, সেই বয়সেই নিথর হয়ে ফিরতে হলো রাফিয়াকে। স্বজনদের আহাজারি আর কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকার পরিবেশ।
স্থানীয়দের অভিযোগ, হাজীগঞ্জ-গৌরীপুর সড়কে ভোর ও সকালবেলায় যানবাহনের চলাচল থাকলেও অনেক সময় চালকেরা বেপরোয়া গতিতে গাড়ি চালান। এতে পথচারী, বিশেষ করে কোমলমতি শিশুদের সড়ক পারাপারে ঝুঁকি তৈরি হয়।
রাফিয়ার মতো আর কোনো শিশুর যেন সড়কে প্রাণ না হারাতে হয়—এমন দাবি জানিয়ে স্থানীয়রা গুরুত্বপূর্ণ স্থানে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
রাফিয়ার চলে যাওয়ায় একটি পরিবার হারাল তাদের আদরের সন্তান, আর পাতানিশ হারাল তার ছোট্ট এক পরিচিত মুখ। ভোরের মক্তবের পথটুকু যেন আজও নীরবে মনে করিয়ে দিচ্ছে—ছোট্ট রাফিয়া আর কোনোদিন সেই পথে ফিরবে না।
হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শি”শু রাফিয়ার
-
মোহাম্মদ সাইফুল ইসলাম - আপডেট : ০১:০১:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- 49
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















