চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ ধর্ষণ মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে গ্রেফতার করেছে। শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১০:১০ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান-এর দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. শরীফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে থানার এফআইআর নং-৪২, জিআর নং-১৮৭, তারিখ ২৭ জুন ২০২৬-এর এজাহারভুক্ত ১ নম্বর আসামি নিহাদ ইসলাম (২৪)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নিহাদ ইসলাম শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক (পশ্চিম পাটোয়ারী বাড়ি) গ্রামের বাসিন্দা। তার পিতার নাম লুতু মিয়া।
মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারা এবং দণ্ডবিধি, ১৮৬০-এর ৩৪২ ও ৫০৬ ধারায় দায়ের করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানা সূত্র জানায়, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম চলমান রয়েছে।
নারী ও শিশু নির্যাতনের মতো স্পর্শকাতর অপরাধ দমনে শাহরাস্তি মডেল থানা পুলিশের এমন দ্রুত পদক্ষেপ জনমনে স্বস্তি ফিরিয়ে এনেছে। অপরাধ দমনে পুলিশের এই তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করছেন সচেতন মহল।




















