ছোট্ট শিশু মোহাম্মদ মাইনুদ্দিন নাহি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে বর্তমানে ঢাকার মোহাম্মদপুরের আল মানার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। গত কয়েক দিন ধরে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। শিশুটির অসুস্থতার খবরে পরিবার, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে নাহির সামান্য জ্বরসহ বিভিন্ন শারীরিক অসুস্থতা দেখা দেয়। প্রথমদিকে স্থানীয়ভাবে চিকিৎসা নেওয়া হলেও পরবর্তীতে কয়েক মাস ধরে সমস্যাটি অব্যাহত থাকায় চিকিৎসকের পরামর্শে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষার পর নাহির ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
নাহি চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাংবাদিক মোহাম্মদ সাইফুল ইসলামের বড় বোনের মেজ ভাগ্নির ছেলে এবং পরিবারের একমাত্র ছোট নাতি। বাবা নাসির উদ্দিন ও মা কানিজ ফাতেমা লুবনার একমাত্র ছোট সন্তান নাহি। এক ভাই ও এক বোনের মধ্যে নাহি পরিবারের অত্যন্ত আদরের সন্তান।
প্রিয় সন্তানের এমন কঠিন রোগের খবর পাওয়ার পর স্বাভাবিকভাবেই ভেঙে পড়েছে পরিবারটি। নাহিকে ঘিরে বাবা-মা ও পরিবারের সদস্যদের অনেক স্বপ্ন ও প্রত্যাশা থাকলেও হঠাৎ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে তাদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।
বর্তমানে ঢাকার মোহাম্মদপুর স্টেডিয়ামের পাশে পরিবারের সঙ্গে বসবাস করছে নাহির পরিবার। তার দেশের বাড়ি পাবনার এনায়েতপুর দরবার শরীফের গদ্দিনিশীন পীরের পরিবারের সঙ্গে নাহির পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক রয়েছে।
নাহির পরিবারের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও সর্বস্তরের মানুষের কাছে আন্তরিকভাবে দোয়া চাওয়া হয়েছে।
পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ছোট্ট নাহিকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করবেন, তাকে দীর্ঘ ও নেক হায়াত দান করবেন এবং তার বাবা-মায়ের মুখে আবারও হাসি ফিরিয়ে দেবেন।
ব্লাড ক্যান্সারে আক্রান্ত শিশু নাহি, পরিবারের উৎকণ্ঠা—চাই সবার দোয়া
-
নিজস্ব প্রতিনিধি - আপডেট : ০৮:৩৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
- 68
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















