চাঁদপুরের হাজীগঞ্জে একই দিনে দুই সহোদর ভাইয়ের মৃত্যুর ঘটনায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। কয়েক ঘণ্টার ব্যবধানে দুই ভাইকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের মাতম। হৃদয়বিদারক এ ঘটনায় আত্মীয়-স্বজন, প্রতিবেশী, স্থানীয় ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষের মাঝে শোকের আবহ বিরাজ করছে।
জানা যায়, হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমুড়া এলাকার ১১ নম্বর ওয়ার্ডের শুকু কমিশনারের বাড়ির বাসিন্দা এবং হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট মাছ ব্যবসায়ী শাহিন রোববার (২৮ জুন) ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জোহরের নামাজের পর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বড় ভাইয়ের দাফনের শোক কাটতে না কাটতেই একই দিন রাত ১০টা ৫০ মিনিটে তাঁর ছোট ভাই আলমগীর হোসেনও ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় ঢাকা থেকে নিজ বাড়িতে ফেরার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনিও পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
একই দিনে দুই সহোদর ভাইয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে গভীর শোক। তাঁদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবেশ। আত্মীয়-স্বজন, প্রতিবেশী, স্থানীয় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।
স্থানীয় বাসিন্দা মো. জসিম উদ্দিন জনি চৌধুরী বলেন, “একই দিনে পরিবারের দুই সহোদরকে হারানোর মতো মর্মান্তিক ঘটনা আমাদের এলাকায় খুবই বিরল। তাঁদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মহান আল্লাহ যেন তাঁদের জান্নাতুল ফেরদৌস দান করেন এবং পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দান করেন।”
মরহুম শাহিন ও আলমগীর হোসেনের রুহের মাগফিরাত কামনা করে এলাকাবাসী মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ধৈর্য ও ঈমানের সঙ্গে বহন করার তাওফিক কামনা করেছেন।




















