চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চরকুমিরা গ্রামে সৌদি আরবপ্রবাসী স্বামীর সঙ্গে পারিবারিক কলহের পর সীমা আক্তার (২২) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় ব্যাপক শোকের সৃষ্টি করেছে।
নিহত সীমা আক্তার চরকুমিরা গ্রামের সৌদি আরবপ্রবাসী নবীর হোসেনের স্ত্রী। তিনি উপজেলার কাছিয়াড়া গ্রামের বাচ্চু মিয়ার মেয়ে। তাদের দাম্পত্য জীবনে ১৯ মাস বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার কিছু সময় আগে সৌদি আরবপ্রবাসী স্বামীর সঙ্গে মোবাইল ফোনে পারিবারিক বিষয় নিয়ে সীমা আক্তারের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তিনি নিজ কক্ষে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাকে ঘরের ভেতরে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।
পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। প্রয়োজনীয় সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের প্রতিবেদনসহ সব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয়দের প্রত্যাশা, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত রহস্য উদঘাটিত হবে।
ফরিদগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃ*ত্যু, প্রবাসী স্বামীর সঙ্গে কলহের অভিযোগ
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- 71
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















