চাঁদপুরের হাজীগঞ্জের ঐতিহ্যবাহী সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ সংঘ-এর ২০২৬ সালের বার্ষিক সাধারণ সভা শনিবার (১৮ জুলাই) সকালে হাজীগঞ্জের স্টেশন রোডস্থ সংঘের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি খায়রুল কবির আবাদ-এর সভাপতিত্বে এবং মামুন রশীদ স্বপন ও আব্দুল্লাহ আল মামুন-এর যৌথ সঞ্চালনায় সভার কার্যক্রম পরিচালিত হয়। সভার শুরুতে সভাপতি উপস্থিত সদস্যদের স্বাগত জানিয়ে সংগঠনের দীর্ঘদিনের সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সদস্যদের অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে খায়রুল কবির আবাদ বলেন, সদস্যদের আন্তরিক প্রচেষ্টা ও ঐক্যবদ্ধ সহযোগিতার ফলেই আজ সবুজ সংঘ সমাজে একটি বিশেষ অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তিনি সংঘের বিভিন্ন দোকান ও ভবনের ভাড়াটিয়াদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একটি সামাজিক সংগঠনের নিজস্ব জায়গায় দুটি ভবন নির্মাণ সত্যিই বিরল অর্জন। এ সময় তিনি সংঘের প্রয়াত সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা এবং জীবিত সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সভায় সংগঠনের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক গাজী জসিম। তিনি গত এক বছরে সংগঠনের বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন। পরে সংঘের সাবেক সাধারণ সম্পাদক মামুন রশীদ স্বপন বার্ষিক আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদন নিয়ে আলোচনা শেষে সর্বসম্মতিক্রমে ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেট অনুমোদন করা হয়।
বক্তব্যে সাধারণ সম্পাদক গাজী জসিম বলেন, অতীতের ধারাবাহিকতায় সবুজ সংঘ ভবিষ্যতেও অসহায়, সুবিধাবঞ্চিত ও দুর্যোগকবলিত মানুষের পাশে থাকবে। তিনি সংগঠনের সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম আরও সম্প্রসারণে সদস্যদের ঐক্যবদ্ধ সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।
এছাড়াও বক্তব্য রাখেন সংঘের জীবন সদস্য জহিরুল ইসলাম, বিল্লাল হোসেন, লিটন পাল, ইউসুফ প্রধানিয়ার সুমন, আনিসুর রহমানসহ অন্যান্য সদস্য। বক্তারা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনসম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন এবং নতুন প্রজন্মকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান।
সভায় কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ সংগঠনের বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা, জনকল্যাণমূলক উদ্যোগ সম্প্রসারণ, সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং নিয়মিত সমাজসেবামূলক কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভা শেষে উপস্থিত সদস্যরা সংগঠনের ঐক্য, সৌহার্দ্য ও সামাজিক দায়বদ্ধতা অটুট রেখে ভবিষ্যতেও এলাকার উন্নয়ন ও মানবকল্যাণে একযোগে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
হাজীগঞ্জ সবুজ সংঘের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত, ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অনুমোদন
-
নিজস্ব প্রতিবেদক - আপডেট : ০৭:১৬:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
- 135
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















