চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৩নং কালোচোঁ উত্তর ইউনিয়নের বানিয়াচোঁ থেকে রাজাপুর মাদ্রাসা পর্যন্ত গুরুত্বপূর্ণ কাঁচা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সাম্প্রতিক টানা বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় এটি এখন প্রায় সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, সাধারণ মানুষ ও রোগীদের।
স্থানীয় সূত্রে জানা যায়, বানিয়াচোঁ থেকে রাজাপুর মাদ্রাসা পর্যন্ত সড়কটি এলাকার মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম। প্রতিদিন এই পথ ব্যবহার করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ শত শত মানুষ চলাচল করেন। এছাড়া জরুরি প্রয়োজনে রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও এ সড়কটির ওপর নির্ভরশীল স্থানীয় বাসিন্দারা।
কিন্তু কয়েক দিনের টানা বর্ষণে সড়কজুড়ে কাদা ও জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। অনেক স্থানে হাঁটাচলাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা প্রতিদিন বিদ্যালয় ও মাদ্রাসায় যেতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছে। জরুরি মুহূর্তে রোগী পরিবহনেও দেখা দিচ্ছে নানা প্রতিবন্ধকতা।
এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতি বর্ষা মৌসুমেই একই দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটে। দ্রুত সংস্কার বা পাকাকরণ না হলে জনদুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন তারা।
এ অবস্থায় এলাকাবাসী চাঁদপুর-৫ (শাহরাস্তি–হাজীগঞ্জ) আসনের সংসদ সদস্য এবং ৩নং কালোচোঁ উত্তর ইউনিয়নের জনপ্রতিনিধিদের প্রতি দ্রুত সড়কটি সংস্কার অথবা স্থায়ীভাবে পাকাকরণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন।
তাদের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে এবং এলাকার হাজারো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত হবে।
হাজীগঞ্জে বেহাল বানিয়াচোঁ–রাজাপুর সড়ক, দু’র্ভোগে শিক্ষার্থীসহ হাজারো মানুষ
-
ডেস্ক নিউজ - আপডেট : ০৮:৪৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
- 91
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















