সততা ও মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছেন চাঁদপুরের তরুণ ফাহাদ। সিএনজি অটোরিকশায় কুড়িয়ে পাওয়া নগদ ২ লাখ টাকা কোনো ধরনের লোভে না পড়ে প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিয়ে তিনি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন।
জানা যায়, সম্প্রতি ব্যক্তিগত কাজে চলাচলের সময় একটি সিএনজি অটোরিকশায় অরক্ষিত অবস্থায় বিপুল পরিমাণ নগদ অর্থ দেখতে পান ফাহাদ। বিষয়টি বুঝতে পেরে তিনি অর্থ আত্মসাৎ না করে দ্রুত প্রকৃত মালিককে খুঁজে বের করার উদ্যোগ নেন। স্থানীয় সচেতন ব্যক্তিদের সহযোগিতায় বিভিন্নভাবে অনুসন্ধান চালিয়ে শেষ পর্যন্ত টাকার প্রকৃত মালিককে শনাক্ত করতে সক্ষম হন।
পরে তিনি সম্পূর্ণ ২ লাখ টাকা অক্ষত অবস্থায় মালিকের হাতে তুলে দেন। হারিয়ে যাওয়া কষ্টার্জিত অর্থ ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মালিক। তিনি ফাহাদের সততা, দায়িত্ববোধ ও মহানুভবতার ভূয়সী প্রশংসা করেন এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করেন।
ফাহাদের এই মহৎ উদ্যোগের খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানান। স্থানীয়দের মতে, নৈতিক অবক্ষয়ের এই সময়ে ফাহাদের মতো তরুণদের এমন সততা সমাজের জন্য অনুপ্রেরণাদায়ক এবং নতুন প্রজন্মের সামনে একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
সচেতন মহলের অভিমত, ফাহাদের এই মানবিক ও সৎ উদ্যোগ প্রমাণ করে—সততা আজও সমাজে বেঁচে আছে, আর এমন মানুষরাই মানবিক মূল্যবোধকে সমুন্নত রাখছেন।




















