চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান কাইজার সোহেল আহমেদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এ দায়িত্ব প্রদান করা হয়।
কাইজার সোহেল আহমেদের বাড়ি চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১১ নম্বর ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ রাঢ়ীকান্দি গ্রামের গোপাল সরকার বাড়িতে। তিনি মরহুম মো. আলাউদ্দিন মাস্টারের সন্তান। তাঁর বড় ভাই জহুরুদ্দিন বাবর একজন সাবেক আঞ্চলিক কমান্ডার এবং অপর বড় ভাই দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে শিপিং ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন।
কাইজার সোহেল আহমেদ ১৯৮৭ সালে বাংলাদেশ বিমান বাহিনীতে কমিশনপ্রাপ্ত হন। প্রায় এক দশক সামরিক বৈমানিক হিসেবে দায়িত্ব পালন করেন। কর্মজীবনে তিনি বিমান বাহিনীর সর্ববৃহৎ ঘাঁটি বিএএফ ঘাঁটি বাশারের বেস অ্যাডজুট্যান্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। পরবর্তীতে স্কোয়াড্রন লিডার পদে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন।
সামরিক জীবন শেষে তিনি বিশ্বের অন্যতম শীর্ষ মার্কিন জ্বালানি প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশে প্রায় ২৮ বছর বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি Facilities Engineering Project Assurance Team Lead হিসেবে দায়িত্বে ছিলেন। রিস্ক ম্যানেজমেন্ট, প্রকিউরমেন্ট, ক্যাপিটাল স্টুয়ার্ডশিপ ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এছাড়া শেভরনের বিবিয়ানা গ্যাস ফিল্ড ও এর সম্প্রসারণসহ একাধিক বহুমূল্যের প্রকল্প বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আন্তর্জাতিক দায়িত্বের অংশ হিসেবে তিনি যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও থাইল্যান্ডেও কাজ করেছেন।
শিক্ষাজীবনেও তিনি ছিলেন কৃতিত্বের স্বাক্ষর। বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি থেকে ১৯৮৭ সালে অ্যারোনটিক্স বিষয়ে বিএসসি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৯৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি সিলেট ক্যাডেট কলেজেরও প্রাক্তন শিক্ষার্থী।
সামরিক, করপোরেট ও আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন কাইজার সোহেল আহমেদের নেতৃত্বে জাতীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আরও দক্ষ, আধুনিক ও যাত্রীবান্ধব সেবার দিকে এগিয়ে যাবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।
চাঁদপুরের কৃতি সন্তান কাইজার সোহেল আহমেদ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও
-
ডেস্ক নিউজ - আপডেট : ১২:১৯:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
- 346
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















