চাঁদপুর শহরের মদিনা শপিং কমপ্লেক্সে অভিযান পরিচালনা করে কসমেটিকস ওয়ার্ল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়।
সোমবার (৩১ আগস্ট) পরিচালিত এ অভিযানে বিদেশি কসমেটিকস পণ্যে আমদানিকারকের স্টিকার না থাকা, বিএসটিআইয়ের অনুমোদন না থাকা, লাগেজ পণ্য বিক্রি, পণ্য ক্রয়ের রশিদ না রাখা এবং প্রয়োজনীয় একাডেমিক যোগ্যতা ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ত্বক ও বিভিন্ন পণ্য বিষয়ে পরামর্শ দেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করেন প্রতিষ্ঠানটির কর্ণধার ছাদিউর রহমান।
এ সময় প্রতিষ্ঠানটির কর্ণধার ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন।
অভিযানের অংশ হিসেবে মদিনা শপিং কমপ্লেক্সের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। পাশাপাশি ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।
চাঁদপুরে অনিয়মের দায়ে কসমেটিকস ওয়ার্ল্ডকে ৫০ হাজার টাকা জরিমানা
-
ডেস্ক নিউজ - আপডেট : ০২:৩২:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬
- 212
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ




















