চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী এ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু পৌরবাসীর দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনায় গণসংযোগ,লিফলেট বিতরণ এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেছেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের আগে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মকিমাবাদ এলাকায় বিভিন্ন দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ী,পথচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় ও মতবিনিময় করেন।
পরে মকিমাবাদ মিয়া বাড়ি জামে মসজিদে গিয়ে মসজিদের মোতওয়াল্লি,স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি,রাজনৈতিক নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন এ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু। এ সময় তিনি স্থানীয়দের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিক সুবিধা নিয়ে তাদের সঙ্গে কথা বলেন।
এ্যাডভোকেট টিটু মসজিদে পবিত্র খুতবার বয়ান শোনেন এবং মুসল্লিদের সঙ্গে জামাতে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মুসল্লিদের সঙ্গে আবারও কুশল বিনিময় করেন এবং মসজিদ ও আশপাশের এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
গণসংযোগকালে তিনি পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছে গিয়ে তাদের সুখ-দুঃখ,প্রত্যাশা ও নাগরিক সমস্যার কথা শোনেন। একই সঙ্গে নির্বাচনে মেয়র পদে তার জন্য দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
এ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু বলেন, “স্মার্ট ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণ এবং একটি আধুনিক,পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে আমি কাজ করতে চাই। এজন্য পৌরবাসীর দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করছি।”
এ সময় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ বলেন, অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু দীর্ঘদিন ধরে সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। আসন্ন পৌর নির্বাচনে তাকে মেয়র হিসেবে দেখতে তারা আগ্রহী।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী,সমর্থক,শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।




















