চাঁদপুর সদর উপজেলার নরুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার ১২০ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা। তবে অভিযানের বিষয়টি টের পেয়ে কথিত মূলহোতা ফারহান রানা পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নরুল্লাহপুর এলাকার আবুল হাশেমের ভাড়া বাসায় অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ দল। অভিযানে ফারহান রানার বসবাসরত কক্ষে তল্লাশি চালানো হয়। এ সময় খাটের ভেতর বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ইয়াবাগুলো উদ্ধার করা হয়। একই সঙ্গে একটি মোটরসাইকেলের ভেতর থেকেও ইয়াবা উদ্ধার করা হয়।
অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে ফারহান রানা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে তাকে আটক করা সম্ভব হয়নি। তবে তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করেছে অভিযানকারী দল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধার করা ইয়াবাগুলো কোথা থেকে আনা হয়েছিল এবং কার কাছে সরবরাহের জন্য সেগুলো মজুত করা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ফারহান রানার সঙ্গে আরও কারা জড়িত এবং মাদক সরবরাহের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা নিয়েও তদন্ত চলছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মিজানুর রহমান জানান, পলাতক ফারহান রানা ও তার সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। বড় চালান উদ্ধারের পাশাপাশি মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


















